৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

ষ্টাফ রিপোর্টার

বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির সময় বিকেল ৩টা ২৬ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসে হট্টগোল শুরু হয়। জনাকীর্ণ এজলাসে ব্যাপক হট্টগোলের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট খায়রুল ইসলাম আফ্রিদির রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি আদালতকে জানান, মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের ১১ নভেম্বর এ মামলার বাদী অ্যাফিডেভিট দিয়ে বলেছেন তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে। তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই।

শুনানিতে এই আইনজীবী আরও বলেন, আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসা চলমান। অতিরিক্ত হাঁটা-চলা করলে তার প্রস্রাবে ব্লাড আসে। এছাড়া তার ওয়াইফ (স্ত্রী) প্রেগন্যান্ট। মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক।

শুনানি শেষ হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এরপর এজলাস থেকে হাজতখানায় নেওয়া হয় আফ্রিদিকে। তখন তাকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD