স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, চলছে যানবাহন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে টান টান উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলছে দোকানপাটও। তবে এখনো জেলা সদর, পৌরসভা ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

জুম্ম ছাত্র-জনতা দুর্গোৎসব ও প্রশাসনের আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করে। এরপর খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটিগামী সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়। এতে দুর্গাপূজার ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন, আবার যারা আগে আটকা ছিলেন তারাও গন্তব্যে যেতে পারছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল চলছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ জানিয়েছেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে মানুষের চলাচলে বাধা দেওয়া হচ্ছে না, পরিস্থিতি অনুকূলে এলে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।

এর আগে গুইমারায় সহিংসতায় তিন পাহাড়ি যুবক নিহত এবং সেনা-পুলিশ সদস্যসহ অনেকে আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক শয়ন শীল বর্তমানে রিমান্ডে রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD