dr yunis

সৌদি সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র।

সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত জুলাই মাসে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজের পক্ষ থেকে ড. ইউনূসের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে বিভিন্ন দপ্তরে প্রস্তুতি চলছিল।

জানা গেছে, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।

সরকারি সূত্র জানায়, এবার বাংলাদেশের প্রতিনিধিদল ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে সম্মেলনে যোগ দেবে এবং সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক সংস্কার উদ্যোগ তুলে ধরবে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জ্বালানি উপদেষ্টা ও আরও একজন উপদেষ্টা যাওয়ার কথা থাকলেও, তারা শেষ পর্যন্ত সফরে অংশ নেবেন কি না—তা এখনো নিশ্চিত করা যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD