লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলির অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে নতুন এসপি নিয়োগে লটারি আয়োজন করা হয়। গত সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ওই লটারিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাধারণত এসপিদের তিন বছরের জন্য একটি জেলায় পদায়ন করা হয়। সে হিসেবে সদ্য নির্বাচিত কর্মকর্তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনিক নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে চলে যায়—তখন কমিশন প্রয়োজনে কর্মকর্তাদের বদলি বা পুনরায় পদায়ন করতে পারে।

সূত্র আরও জানায়, লটারির আগে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ৬৪ জেলায় নতুন এসপি নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় আগেই এসপির দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকার বাইরে রাখা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD