জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদসংলগ্ন নিজ বাসায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত তানভির হাসান শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। তিনি দীর্ঘদিন একটি কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজের কক্ষে গেমস খেলতে খেলতে শুভ ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার কক্ষে ছুটে যান। এ সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। শুভর মাথায় দুটি ও বাঁ হাতে একটি গুলি লাগে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার পথে ভোর সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, জানালা দিয়ে গুলি ছোড়া হয় এবং এতে শুভ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD