কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা করছেন না শাকিব খান!

বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা করছেন ঢালিউড সুপারষ্টার শাকিব খান। তবে সে গুজবকে সরাসরি অস্বীকার করলেন পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা। এক বিবৃতিতে এমনটা জানান তারা।

পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়।’

বিবৃতিতে বলা হয়, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।

এছাড়াও প্রযোজক অনুরোধ করেন, ‘অফিশিয়াল বিবৃতি ছাড়া অন্য কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত হবেন না। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শককে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হচ্ছে।’

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

এর আগে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে মোশাররফ করিম ও শরিফুল রাজ থাকবেন বলেও জানিয়েছিলেন। রাজধানী মগবাজারে সিনেমাটি নিয়ে প্রাথমিক সংবাদ সম্মেলনও করেন। এরপর বছর খানেক নিরব। সিনেমাটি নিয়ে কোনো খবর পাওয়া যায়নি। হুট করে সেই নির্মাতা শাকিব খানকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করেন।

জানা যায়, কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে ‘ওয়ান্স আপন টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটির জন্যই চুক্তিবদ্ধ করেন শাকিব খানকে। সিনেমাটির টিমের বরাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD