প্রজ্ঞাপন প্রত্যাখ্যান

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

ষ্টাফ রিপোর্টার

শিক্ষকদের টানা আন্দোলনের মুখে অবশেষে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ৫ শতাংশ হারে এ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সরকারের এই প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক সাফল্য হলেও এটি আমাদের মূল দাবির কাছাকাছি নয়। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

শনিবার (১৮ অক্টোবর) রাতে শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচির ঘোষণা দেন। এই কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে খালি থালা ও প্লেট হাতে নিয়ে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা ছিল, তবে পরে সময় পরিবর্তন করে বেলা ৩টায় নির্ধারণ করা হয়।

এর আগে গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই সারাদেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

সরকারি প্রজ্ঞাপনে মাত্র ৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির ঘোষণা আসায় শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষক সমাজ মর্যাদা চায়, দয়া নয়। সরকারের প্রতি আমাদের আহ্বান, অবিলম্বে যৌক্তিক দাবিগুলো পূরণ করে সংকটের অবসান ঘটান।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD