ড. আসিফ নজরুল

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই

ষ্টাফ রিপোর্টার

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা করলেও উপদেষ্টাদের জন্য এমন কোনো প্রয়োজন নেই। বরং ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে সমগ্র জাতির সেফ এক্সিট প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই। কিন্তু এই রাষ্ট্রযন্ত্র—যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়—সেখান থেকে এই জাতিরই সেফ এক্সিট প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসনের চিত্র দেখেছি, তা থেকে যদি বের হতে না পারি, তবে সামনে আরও ভয়াবহ সময় আমাদের জন্য অপেক্ষা করছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

সভায় বক্তারা মানবাধিকার কমিশনকে আরও স্বাধীন, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD