পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল ও অবস্থান নেন। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয় এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

চোখের দেখা বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, “সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সড়কে চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিকভাবে আন্দোলনকারী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD