মির্জা ফখরুল ইসলাম

সব সংকট নাটক, মানুষ আসলে নিজের ভোট দিতে চায়

ষ্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সব সংকটই রাজনৈতিক নাটক; জনগণের মূল আকাঙ্ক্ষা হচ্ছে নিজের ভোট নিজে দেওয়া।

রোববার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। কিন্তু আমরা বলছি—গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। জনগণ সনদ বা গণভোট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। এসব বিষয় বোঝে উচ্চশিক্ষিত মানুষজন, যারা বিদেশ থেকে এসে আমাদের ওপর নানা ধারণা চাপিয়ে দিতে চায়।”

নিজের সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণায় গিয়ে তিনি আরও বলেন, “আমি ১৯৯১ সাল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি—কখনো জিতেছি, কখনো হেরেছি; কিন্তু জনগণের পাশে থেকেছি সব সময়। গত ১৫ বছর আমরা নির্বাচন করতে পারিনি, কারণ সরকার আমাদের সুযোগ দেয়নি। এবার সুযোগ এসেছে—আপনারা আপনাদের প্রার্থীকে ভোট দিন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল বলেন, “হাসিনার মনে জনগণের জন্য কোনো দরদ নেই। যদি থাকত, তাহলে নিজের কর্মীদের অসহায় অবস্থায় ফেলে পালিয়ে যেত না।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যেমন গণহত্যা চালিয়েছিল, ২০২৪ সালের আন্দোলনেও একইভাবে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা হয়েছে। দুটোই গণহত্যা—শুধু নির্দেশদাতা বদলেছে।”

বিএনপি মহাসচিব বলেন, “খোঁজ নিন কারা পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করে আমাদের মানুষ হত্যা করেছিল। আজও সেই চক্র গণহত্যার সহায়তাকারী।”

সভায় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল জনগণের কাছে ভোট চান এবং আমৃত্যু জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD