সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া থাকেন। মামলার আসামিরা হলেন—সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫)। তাঁদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীটি সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরেন। বাসায় এসে দেখেন, দরজায় তালা ঝুলছে। পরে জানতে পারেন, তাঁর মা পাশের এক চা–দোকানির কাছে চাবি রেখে গেছেন। দোকান থেকে চাবি নিয়ে বাসার পথে ফেরার সময় সোহেল রোজারিও তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয় এবং তাঁরা ওই তরুণীকে অনুসরণ করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক একটি বাসায় নিয়ে যায় সোহেল ও তাঁর সহযোগীরা। সেখানে সোহেল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, বিইউপির ওই শিক্ষার্থীর ধর্ষণের প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর মিরপুর–১২ নম্বরে বিক্ষোভ করেন তাঁর সহপাঠীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা মিছিল নিয়ে মিরপুর–১০ নম্বর সড়ক অবরোধ করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষার্থীরা আগামীকাল (রোববার) বেলা দুইটায় মিরপুর–১২ নম্বরে নতুন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD