রাকসুর ভিপি-এজিএস পদে জয়ী শিবির, জিএসে স্বতন্ত্র

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, আর শিবির সমর্থিত প্যানেলের প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এস. এম. সালমান সাব্বির জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে ১০টি প্যানেল থেকে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একই সঙ্গে ১৭টি হলে হল সংসদের ১৫টি পদে ৫৯৭ জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়েন।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন—এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। নির্বাচন কমিশনের হিসাবে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD