এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নিহত ৯

লিড নিউজ ডেস্ক

কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসাকেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানায়, ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। অন্যদিকে, ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানিয়েছে, সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে সরাসরি লক্ষ্যবস্তু করে বোমা বর্ষণ করা হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান ঠেকাতে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। এতে কিছু বিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সানা ও আল-জাওফে একাধিক স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্য ও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD