বিমানবন্দরে আটকে দেওয়া হল সোহেল তাজকে

ষ্টাফ রিপোর্টার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একই দিন সোহেল তাজের বোন ও তাজউদ্দীন আহমদের কন্যা মাহজাবিন আহমদ মিমিও সংবাদমাধ্যমকে জানান, তার ভাইয়ের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।

ঘটনাটি কবে ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, “সম্ভবত বুধবার রাতেই তাকে আটকানো হয়েছে। তবে কেন তাকে বাধা দেওয়া হলো, সে বিষয়ে আমি কিছু জানি না। সেটা কর্তৃপক্ষের কাছেই জানতে হবে।”

২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে ওই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

পরে ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগপত্র জমা দেন। প্রথমবার পদত্যাগ গ্রহণ না হওয়ায় একই বছরের ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, তার কাজে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে এবং নির্দেশনা অমান্য করা হচ্ছে—এ কারণেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়ে মতামত জানিয়ে প্রায়ই আলোচনায় আসেন।

এর আগে গত ১৭ জুলাই তিনি বড় বোন শারমিন আহমদকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানাতেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD