বনলতা এক্সপ্রেস থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কায় অভিযানটি চালানো হয়। তল্লাশির সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৮৭ কেজি গানপাউডার এবং ২.২২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে সেনা সদস্যরা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান সম্পন্ন করেন।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্য যাচাই ও বিশ্লেষণের পর সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার দক্ষতা ও কৌশলগত সক্ষমতার ফলে অল্প সময়ের মধ্যেই অভিযানটি সফলভাবে সম্পন্ন সম্ভব হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD