নাহিদ ইসলাম

বড় দলগুলো এসপি-ডিসি পদ ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে

ষ্টাফ রিপোর্টার

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ-বাঁটোয়ারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো—বিশেষ করে ডিসি ও এসপি পদ—বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে। এটি যদি চলতে থাকে, তবে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি, যেন তিনি প্রশাসন ও উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রশাসন ও নির্বাচন কমিশন অপরিহার্য। কিন্তু বর্তমানে জনপ্রশাসনের যেসব পদায়ন হচ্ছে, তা কী নিরপেক্ষতার ভিত্তিতে, নাকি রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে—এ প্রশ্ন এখন জনমনে।”

বিকেল ৫টায় এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপির বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু করেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। এর অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD