ফেনীতে বাড়ি ঢুকে সোনাসহ দুই কোটি টাকার মালামাল লুট

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ডাকাতরা প্রবেশ করে। এরপর তারা ঘরের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

জানা গেছে, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া বাবুল মিয়ার দুই বোনও ওই বাড়িতে ছিলেন। ডাকাতরা তাদের কাছ থেকে প্রায় ৭০ ভরি সোনা লুট করে নেয়। ঘটনার সময় বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। তবে বাবুল মিয়া, দুই ভাগনে ও দুই বোনকে বেঁধে রেখে ডাকাতরা মারধর করে। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের অভিযোগ, এই ডাকাতিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা জড়িত থাকতে পারে। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD