ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের : নেতানিয়াহু

লিড নিউজ ডেস্ক

পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের মালে আদুমিম বসতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা প্রতিশ্রুতি পূরণ করছি—কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। এই ভূমি আমাদের।”

চুক্তি অনুযায়ী, বিতর্কিত ই১ এলাকায় প্রায় ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। অথচ ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর নির্মিত সব বসতিই অবৈধ হিসেবে গণ্য।

এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া শান্তির আর কোনো বিকল্প নেই। তিনি নেতানিয়াহুর পদক্ষেপকে “অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দেওয়ার পদক্ষেপ” বলে উল্লেখ করেন।

জাতিসংঘ আগেও ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে। জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করেছে। তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এখনো সুস্পষ্ট অবস্থান জানায়নি।

এদিকে সম্প্রতি পশ্চিম তীর ও গাজায় সহিংসতা বেড়েছে। সোমবার জেরুজালেমে বন্দুক হামলায় ছয়জন নিহত হন। গাজায় ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD