চট্টগ্রামে গাড়ির মধ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি রাউজানের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ভেষজ পণ্যের ব্যবসায়ী ছিলেন, পাশাপাশি গরুর খামার ও কর্ণফুলী নদীতে বালু উত্তোলনের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে আবদুল হাকিম তাঁর গ্রামের খামারবাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে করে এক সহযাত্রীসহ চট্টগ্রাম নগরের দিকে রওনা হন। পথে মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন অস্ত্রধারী তাঁদের গাড়ির পিছু নেয় এবং পানি শোধনাগার এলাকায় পৌঁছে গাড়ির দিকে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আবদুল হাকিম ও তাঁর সহযাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, “মোটরসাইকেল আরোহী একদল সন্ত্রাসী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হত্যাকাণ্ডের তদন্ত চলছে।”

আবদুল হাকিম ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন, যদিও তাঁর কোনো আনুষ্ঠানিক পদ ছিল না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD