ইসরায়েলের বাধার পরও গাজার দিকে এগোচ্ছে ‘ম্যারিনেট’

লিড নিউজ বিডি ডেস্ক

গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী নৌবহর প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ডজনখানেক নৌযান থেকে শত শত কর্মীকে আটক করা হলেও ‘ম্যারিনেট’ নামের পোল্যান্ডের পতাকাবাহী একটি নৌকা এখনও গাজার পথে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন জানান, ইঞ্জিন সমস্যার কারণে ‘ম্যারিনেট’ মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। বর্তমানে সেটি আবার গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি এবং একজন ওমানি নারী আছেন। আমরা পথ চালিয়ে যাচ্ছি।”

শুক্রবার ভোরে প্রকাশিত লাইভ ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে নৌকাটি। জিও ট্র্যাকার অনুযায়ী, জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ‘ম্যারিনেটকেও’ বাধা দেওয়া হবে।

এর আগে বুধবার থেকে শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি আটক করেছে। আটক হয়েছেন প্রায় ৫০০ কর্মী, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD