ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ পর্যালোচনা করছে ভারত। বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র জানান, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত আনার লক্ষ্যে নতুন করে একটি চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার (২১ নভেম্বর) পাঠানো সেই চিঠির বিষয়ে রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

গত জুলাইয়ের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া মামলার রায় গত সোমবার ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি সূত্রের দাবি, রায় ঘোষণার পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন।

রায় ঘোষণার দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুজনকে প্রত্যর্পণের দাবি জানায়। পরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতকে পুনরায় চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই পরবর্তী চিঠিটি পাঠানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD