সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স-বাসে দুর্বৃত্তদের আগুন

সিলেট প্রতিনিধি

সিলেটে একই রাতে সরকারি একটি অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটিই সম্পূর্ণ পুড়ে যায়। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ হাসপাতালের পার্কিংয়ে এসে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের সদস্য জুনাইদ জানান, রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফিরে আসে। পরে রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নেভায়।

ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি সচল ছিল এবং পুরোপুরি পুড়ে গেছে। অন্যদিকে বাসটি ছিল পরিত্যক্ত; গেটের তালা খুলে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, দুটি ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD