সংসদ ভবনে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১

ষ্টাফ রিপোর্টার

জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে—এর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশ, অপরগুলো পুলিশকে আক্রমণ, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের অভিযোগে।

উল্লেখ্য, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধাদের একটি অংশ তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। তাদের দাবিগুলো ছিল—জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুরক্ষা আইন ও দায়মুক্তি নিশ্চয়তা।

একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। প্রধান উপদেষ্টার উপস্থিতি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তাদের স্থানত্যাগের অনুরোধ জানায়। কিন্তু তারা সাড়া না দিলে পুলিশ লাঠিচার্জ করে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ১০ জন পুলিশ সদস্য ও ৩০ জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD